গভীর রাতে পুড়লো গোডাউন-দোকান

গভীর রাতে পুড়লো গোডাউন-দোকান

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক গোডাউন, দোকান ও স্থাপনা পুড়ে গেছে। গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বিশ্বাস সুপার মার্কেটে মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানান, মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন, মেশিন ও লেপ-তোষকসহ প্রায় ৫০ লাখ টাকা, মিলন হোসেনের ফ্রিজের গোডাউনে প্রায় ২০ লাখ টাকা এবং জহুরুল ইসলামের ভাই সাখাওয়াত হোসেনের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেলসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মোবাইল টেলিকম ব্যবসায়ী আতিকুল ইসলামের দোকানে প্রায় ১০ লাখ টাকা এবং শফিক ইসলামের দোকানে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশ্বাস সুপার মার্কেটের মালিক হাসান বিশ্বাসের স্থাপনায় প্রায় ১০ লাখ টাকা এবং পাশের একতা প্লাজার মালিক আমিনুল ইসলামের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সবমিলিয়ে প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন মিঞা বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাটি বাণিজ্যিক হলেও পানির সংকট থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুনের সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।