সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিসেম্বরে দেশে ফিরবেন কিনা এমন বক্তব্যের জবাবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, শেখ হাসিনা শুধু এই ডিসেম্বরে নয়, আরও অনেক ডিসেম্বর পেরিয়ে গেলেও বাংলাদেশে ফিরতে পারবেন না। শুক্রবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার এ.সি. নর্থ কালাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, এক শ্রেণির মানুষ আমাদের শান্তিপূর্ণ দেশটাকে অশান্ত করে নষ্ট করতে চায়। এদেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভালোবেসে বিজয়ী করেছে। তারেক রহমানের কাছেই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ। তিনি বাংলাদেশের নির্যাতিত মানুষের অভিভাবক। বাংলাদেশের সব মানুষ তার কাছেই নিরাপদ। যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আশা নিয়ে আবারো অরাজকতা সৃষ্টি করছে, বিভিন্নস্থানে হামলা ও আগুন লাগাচ্ছে, তারা আবারো বিপদে পড়বে। জামায়াতের নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত বিভিন্নভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা করেছিল। তবে ২০২৬ সালের নির্বাচনে তাদের সেই পরিকল্পনা ও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন- জেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদ হোসেন, জয়কলি পাবলিকেশনস-এর পরিচালক অজয় কৃষ্ণ সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ পারভেজ এবং সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গাউস-উর রহমানসহ অনেকেই।
