চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়। গত বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে জেলা টাস্ক ফোর্সের আওতায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অভিযানকালে ২০ জেলে আটক, ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়। আটক ২০ জেলের মধ্যে মধ্যে ১৩ জনকে ১০ দিন করে সশ্রম কারাদণ্ড ও ৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং জন প্রতি এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়। জব্দ জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
