সামাজিক নিরাপত্তা খাতে এক বছরে ১১৮ কোটি টাকা ব্যয় করেছে আশা

ফন্ট সাইজ:

ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে এক বছরে ১১৮ কোটি টাকা ব্যয় করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। চলতি বছর এই খাতে ১৭৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে সংস্থাটি। রংপুরের এনজিও ফোরাম মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আশা’র বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, প্রান্তিক শিশুদের শিক্ষার আলোয় আনতে রংপুর বিভাগে ১০৭টি ব্রাঞ্চে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এক হাজার ২২টি শিক্ষা কেন্দ্রে ৫৮ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী লেখাপড়া করছে।

ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি আশার শিক্ষা, শিক্ষা বৃত্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন এবং দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক উন্নয়ন বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আশা রংপুর বিভাগের ৪৩৫টি ব্রাঞ্চের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে ৯ লাখ ৮৪ হাজার ২৮৬ জন সদস্যকে স্বাবলম্বী হতে ৬ হাজার ৩৩৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। তিনটি ব্রাঞ্চে সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র এবং ১২টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে গত অর্থবছরে মোট ৩ লাখ তিন হাজার ৩৩৪ সুবিধাবঞ্চিত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৯৪ হাজার ৩৭৫ জন সদস্যকে ৬ হাজার ৫শ’ কোটি টাকার সহজ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা’র রংপুর সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার হারুনার রশীদ সেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাদ্দেকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশার রংপুর ডিভিশনাল ম্যানেজার এসএম বেলাল হোসেন। মতবিনিময় সভায়, প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।