হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে নির্যাতনের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে অভিযান চালিয়ে অপহৃত দু’জনকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র।
পুলিশ জানায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লতুয়াপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে সহিদ ও তার ফুপাতো বোন রুমিনা গত বুধবার রাতে গাড়িতে করে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোলাকান্দাইল এলাকায় গাড়ি থেকে নেমে অটোরিকশা খুঁজছিলেন তারা। এ সময় সাত থেকে আটজনের একটি দল পৃথক দু’টি অটোরিকশায় করে তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে অপহরণকারীরা তাদের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফারুক ফকিরের বাড়ির একটি ভাড়াকক্ষে আটকে রেখে নির্যাতন করে। এ সময় সহিদের বাবা বাচ্চু মিয়াকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ছেলেকে ও ভাগনীকে নির্যাতন না করার অনুরোধ জানিয়ে দাবিকৃত টাকার কিছু অংশ বিকাশে পাঠান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে প্রযুক্তির সহায়তায় অপহৃতদের অবস্থান শনাক্ত করে শুক্রবার সকালে ওই বাড়িতে অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় সহিদ ও রুমিনাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় অপহরণকারী চক্রের সদস্য রায়হান, টিপু, রাহাত মোড়ল ও ফেরদৌস হাওলাদারকে। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় বাচ্চু মিয়া বাদী হয়ে গ্রেপ্তার চারজনসহ অন্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অপহরণের মামলা করেছেন।
