কয়রায় সংঘর্ষে চিকিৎসকের মৃত্যু বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী

কয়রায় সংঘর্ষে চিকিৎসকের মৃত্যু বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী

ফন্ট সাইজ:

খুলনার কয়রায় সরকারি জমি ও কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মারা যাওয়া পল্লী চিকিৎসক গোলাম রব্বানীর মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে অংশ নেয়া স্বজন ও স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। শুক্রবার সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন শেষে উপজেলার চেয়ারম্যান মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একজন মানুষকে প্রাণ হারাতে হয়েছে। রব্বানীর মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

একইসঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম মঠবাড়ি গ্রামে ১৩ শতক সরকারি জমির দখল ও কলা গাছ কাটাকে কেন্দ্র করে গোলাম রব্বানী (৫২) এবং তার চাচাতো ভাই সিদ্দিক সরদারের (২৬) পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে রব্বানীসহ চারজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রব্বানীর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকালে তার মৃত্যু হয়। কয়রা থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজমিরা খাতুন (১৮) ও তাসলিমা বেগম (৩৫)কে আটক করা হয়েছে।