শায়েস্তাগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক

শায়েস্তাগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক

ফন্ট সাইজ:

দেশের বিভিন্ন স্থানের মতো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ে উদ্বেগ বাড়ছে। উঠতি বয়সী তরুণদের সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, মাদক সেবন ও নানা অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। দেশের বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের অপরাধের চিত্র উদ্বেগজনক। কোথাও ধারালো অস্ত্র নিয়ে হামলা, কোথাও ছিনতাই, আবার কোথাও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর ও তরুণরা। এসব অপরাধে জড়িতদের একটি অংশ স্কুল-কলেজের শিক্ষার্থী। বয়স কম হওয়ায় অনেক ক্ষেত্রে তারা অপরাধের ভয়াবহতা উপলব্ধি করতে পারে না।

আবার কোনো কোনো ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশি অভিযান যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক থেকে দূরে রাখা এবং অপরাধে জড়িয়ে পড়ার প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করাও জরুরি। শায়েস্তাগঞ্জের সচেতন মহলের দাবি, কিশোরদের অপরাধের পথে ঠেলে না দিয়ে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি অপরাধে জড়িতদের পরিচয় বা বয়স যা-ই হোক, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।