না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা

না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা

ফন্ট সাইজ:

অটোরিকশা ও ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি দে ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১টা ৭ মিনিটে ভেন্টিলেটর খুলে দেয়ার পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। তিনি বলেন, রাত ১১টা ৭ মিনিটে ভেন্টিলেশন খোলার পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এমএইচএম খুরশীদ আলম বলেন, আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে।

তার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। ফলে ডাক্তার ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন। চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে, সন্ধ্যায় চিকিৎসকরা চেসি ত্রিপুরাকে ‘ক্লিনিক্যালি ডেড’- ঘোষণা করেন। উল্লেখ্য, গত ১৯শে অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর বাগমারা থেকে ক্যাম্পাসে আসার সময় অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি। দ্রুত উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউ ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানেই তার মৃত্যু হয়।