পাঁচ ফোক গানে সাবিনা ইয়াসমিন

পাঁচ ফোক গানে সাবিনা ইয়াসমিন

ফন্ট সাইজ:

একগুচ্ছ সংগীতশিল্পীদের নিয়ে শুরু হতে যাচ্ছে লোকসংগীতের অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। সেখানে একসঙ্গে পাঁচটি লোকগানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। এই প্রথম একই অনুষ্ঠানে এতগুলো লোকগান গেয়েছেন তিনি। চ্যানেল আইয়ে প্রচার হবে অনুষ্ঠানটি। যেখানে নতুন ও পুরাতন শিল্পীদের সমন্বয় থাকবে।

জানা গেছে, অনুষ্ঠানটি চ্যানেল আইতে মোট ২৩ পর্বে প্রচার হবে। সাবিনা ইয়াসমিন তার পর্বের গানের রেকর্ডিং করেছেন চ্যানেল আই স্টুডিওতে। সাবিনা ইয়াসমিন গেয়েছেন ‘এই যে দুনিয়া কীসেরও লাগিয়া’, ‘মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে’, ‘ও মুই না শোন না শোন তোর বৈদেশিয়া’,‘আমি কেমন করে পত্র লিখিরে’ ও ‘সোনারও বরণী কন্যা সাজে যেন মেঘ কালো সাজিল রে’ গানগুলো। অনুষ্ঠানটি নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, পল্লীগীতি, লোকসংগীত তো আমাদের সবার প্রাণের গান। এর আগে কখনো একটা অনুষ্ঠানে এতগুলো ফোক গান কখনই গাওয়া হয়নি।পাঁচটি গান করেছি। সবগুলো গান গাওয়ার সময় ভীষণ উপভোগ করেছি।

সাবিনা ইয়াসমিন ছাড়াও এই অনুষ্ঠানে আরও যেসব শিল্পীরা গান গেয়েছেন তারা হলেন- রফিকুল আলম, খুরশিদ আলম, কনকচাঁপা, ফেরদৌস আরা, সালমা, সানিয়া সুলতানা লিজা, জিনিয়া জাফরিন লুইপা, সাগর দেওয়ান, আলেয়া বয়াতি, আক্কাস দেওয়ান, কাজল দেওয়ান, ঝিলিক, মুক্তা সরকার, পারভেজ, আশিক, আকাশ মাহমুদ, নকুল কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইফতেখার মুনিম আহসান, পরিকল্পনা করেছেন জাহাঙ্গীর সাঈদ। শিগগিরই প্রচার হবে ‘আই ফোক ফিভার’।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন