মাইকিং করে সড়ক উঁচুকরণের দাবিতে বিক্ষোভ

মাইকিং করে সড়ক উঁচুকরণের দাবিতে বিক্ষোভ

ফন্ট সাইজ:

নাটোরের নলডাঙ্গায় মাইকিং করে সড়ক উঁচুকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সকাল ৯টায় উপজেলার ভট্টপাড়া দেবীতলা এলাকায় ‘মাধনগর-ভট্টপাড়া ও নুরিয়াগাছা গ্রামবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটারের এই ‘সাবমার্সিবল’ সড়কটির নির্মাণকাজ চলছে। তবে উদ্বোধনের কিছুদিন যেতে না যেতেই সড়কের নিম্নমানের কাজ বন্ধ রেখে রাস্তা উঁচু করা এবং উন্নতমানের সামগ্রী ব্যবহারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা। এ লক্ষ্যে মাইকিং করে লোক জড়ো করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাধনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. মাতিনুর রহমান মাতু, বিএনপি নেতা জহুরুল ইসলাম জহের, মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়ারেশ আলী মৃধা এবং আব্দুল ওয়াদুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করে বলেন, খাজুরা থেকে নুরিয়াগাছা হয়ে ভট্টপাড়া পর্যন্ত সড়কটি অত্যন্ত নিচু। ফলে সামান্য বৃষ্টি বা বর্ষা মৌসুমে এই রাস্তাটি পানিতে তলিয়ে যায় এবং চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহনে মারাত্মক ব্যাঘাত ঘটে। রাস্তাটিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বক্তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।