কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু, গরু-ছাগলসহ নগদ ৩২ হাজার টাকা ছাই

কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু, গরু-ছাগলসহ নগদ ৩২ হাজার টাকা ছাই

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে খোরশেদ আলম (৭০) নামে এক ব্যক্তির। এ ঘটনায় একটি গরু, চারটি ছাগল ও নগদ ৩২ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের আগুনে বসতঘর হারানোর পাশাপাশি প্রাণ হারিয়েছেন পরিবারের একমাত্র বয়োজ্যেষ্ঠ সদস্য। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া-কুমারপাড়া এলাকার সীমান্তঘেঁষা চরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলমের বাবার নাম গফুর হাজী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় ঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে খড় ও ছনের ছাউনি দিয়ে তৈরি ঘরে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় পুরো ঘর। ঘরের ভেতরে থাকা গরু-ছাগল, নগদ টাকা ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে প্রাণ হারান বৃদ্ধ খোরশেদ আলম।

আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘর ও ঘরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। নিহতের এক ভাতিজা অগ্নিকাণ্ডে তার চাচার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে তাদের চাচার ঘর পুড়ে গেছে। একই সঙ্গে ঘরে থাকা একটি গরু, চারটি ছাগল ও নগদ ৩২ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তার চাচার মৃত্যু হয়েছে। পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।