গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য ও বিএনপি নেতা নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য ও বিএনপি নেতা নিহত

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি’র স্থানীয় এক নেতা ও পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। নিহত পুলিশ কর্মকর্তার নাম মিজানুর রহমান কালীগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, রাতে এসআই মিজানুরের নেতৃত্বে পুলিশের একটি দল টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। এ সময় মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন তারা। তখন দ্রুতগতির একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে মিজানুর, পুলিশের পিএসআই জাবেদ ওমর, ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বি এবং স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পুলিশের দাবি, কাভার্ডভ্যানের সঙ্গে আটকে যাওয়ার পর এসআই মিজানুর রহমানকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। পরে তাকে সড়কের পাশে ফেলে চালক ঘোড়াশালের দিকে পালিয়ে যান। স্থানীয় এক রিকশাচালক ও এক পথচারী আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা আল হোসাইন ও রফিকুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই মিজানুর ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মিজানুরের মৃত্যু হয়।

জাবেদ ওমর ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদক সংশ্লিষ্ট ঘটনায় স্থানীয় লোকজন আটক হয়েছে, এমন খবর পেয়ে নিহত বিএনপি নেতা ঘটনাস্থলে যায় বলে পুলিশ জানায়। ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও কালীগঞ্জ থানার মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে কাভার্ডভ্যান ও চালকের পরিচয় জানা যায়নি।