মাদকাসক্ত ভাতিজার হাতে চাচি খুন

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে সোনা বানু (৪৫) নামের এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা বানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। মাদকাসক্ত ফারুক হোসেন (৪০)কে ঘটনার পর এলাকাবাসী বেঁধে রাখে। পরে পুলিশ তাকে রৌমারী থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুবাই ফেরত ফারুক গত কয়েকদিন ধরেই উল্টাপাল্টা আচরণ করছিলো। কখনো তার মায়ের কাছে মাদক কেনার টাকা চাচ্ছিলো, কখনো চাচার কাছে জমির দলিল চেয়ে ঝগড়া করছিলো। শুক্রবার সকালে বাড়ির সকলে তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেন। এমতাবস্থায় ঘর থেকে দা নিয়ে এসে সবাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে ফারুক। এ সময় মারাত্মক আহত হয়ে চাচি সোনা বানু ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ছোট বোন মমিনা খাতুন (৩০), ছোট ভাইয়ের স্ত্রী জোসনা খাতুন (২৬) ও চাচা খলিলুর রহমান (৪৭)। রৌমারী সদরের ইউপি সদস্য ফিরোজ আহমেদ বলেন, মাদকাসক্ত ফারুক তার ছেলে টিটু ও মা জামিরন বেগমকে ঘরে আটকে রাখে। তাদের ছাড়াতে গিয়েই এ খুনোখুনির ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি কাওছার আলী জানান, অভিযুক্ত ফারুককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।