ভালুকায় বকেয়া বেতন-ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভালুকায় বকেয়া বেতন-ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে প্রায় তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পৌর এলাকায় অবস্থিত শেফার্ড গ্রুপের জিন্স সেকশনের শ্রমিকরা। এতে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো দূরপাল্লার যাত্রীরা। বুধবার বেলা ১১টা থেকে বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। পরে প্রশাসনের লোকজন মালিক পক্ষের সঙ্গে কথা বলে দাবির বিষয়ে আশ্বাস দিলে দুপুর ২টার পর মহাসড়ক থেকে সরে যান।
শ্রমিকরা জানান, কারখানায় জিন্স সেকশনে প্রায় ৬ শতাধিক শ্রমিক কর্মরত আছেন। তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ই মার্চ এসব বকেয়া পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে ক্ষোভে তারা মহাসড়ক অবরোধ করেন। কারখানার সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, ঈদ সামনে রেখে কেনাকাটার প্রয়োজন রয়েছে। কিন্তু এখনো বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দেয়া হয়নি। কবে দেয়া হবে তাও কেউ স্পষ্ট করে বলছেন না। কাটিং সেকশনের কর্মী শান্ত জানান, প্রায় তিন বছর ধরে তারা এই কারখানায় কাজ করছেন। বেশ কিছুদিন ধরেই কারখানায় নানা সমস্যা চলছে। ঈদের আগে বেতন-বোনাস না পেলে শ্রমিকদের পরিবার নিয়ে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়বে।
খবর পেয়ে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিছুটা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। অবরোধ তুলে নেয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে কারখানার জেনারেল ম্যানেজার মোখলেছুর রহমানের মুঠোফোনে বার বার চেষ্টা করলেও রিসিভ না করে কেটে দেয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন