বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। দেশ-বিদেশে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছেন তিনি। এদিকে, বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। কয়েকদিন আগেই নিউ ইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন তিনি। পেয়েছেন সেরা নারী সংগীতশিল্পী হিসেবে পুরস্কারও। এদিকে, মিলা যুক্তরাষ্ট্রে আরও কিছুদিন অবস্থান করবেন। সেখানে একাধিক শো’তেও অংশ নিতে পারেন তিনি। মিলা বলেন, মূলত একটু ঘোরাঘুরি করার জন্য এবারের সফর। খুব উপভোগ করছি এখানকার সময়টা। এর মাঝেই ঢালিউড অ্যাওয়ার্ড হয়ে গেল। আমি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ, আমাকে সেরা কণ্ঠশিল্পী নির্বাচনের জন্য।
তবে আমেরিকা থেকে দেশে ফিরেই শো নিয়ে টানা ব্যস্ততা রয়েছে। এদিকে মিলা জানান, শুধু শো নয়, নতুন গান নিয়েও দেশে ফিরে ব্যস্ত হবেন তিনি। চলতি বছর ‘মালিক’ সিনেমায় একটি আইটেম গান করেছেন মিলা। অন্যদিকে, তার আগে ‘ইনসাফ’ সিনেমায় ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুন করে গেয়েছেন তিনি; যা বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, অনেক ধরনের প্রস্তাব রয়েছে গানের।
এর মধ্যে প্লেব্যাকও রয়েছে। এর বাইরে আমি নিজের মতো করেই গান করতে চাই। আমার একটি আলাদা স্টাইল রয়েছে। সেই স্টাইলের গানেই শ্রোতারা অভ্যস্ত। এরই মধ্যে নতুন কিছু গান তৈরি করেছি নিজের কম্পোজিশনে। আরও কিছু গান তৈরি বাকি। আশা করছি, নতুন বছর শেষে অথবা নতুন বছরে ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে পারবো।
