সৈয়দপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অন্তঃসত্ত্বা নারীর

সৈয়দপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অন্তঃসত্ত্বা নারীর

ফন্ট সাইজ:

নীলফামারীর সৈয়দপুরে বাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট ও মারধরের অভিযোগ তুলে নিরাপত্তা চেয়েছেন নয় মাসের অন্তঃসত্ত্বা নারী মোছা. সেলিনা বেগম। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা জানান, সৈয়দপুর পৌরসভার গফুর বস্তি এলাকায় তাদের বাড়ি। তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে রাসেল নামের এক যুবকের সঙ্গে বিরোধের জেরে গত ১৪ই অক্টোবর তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। সেলিনার দাবি, তার স্বামী মো. বাপ্পিকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যা দিয়ে পুলিশ আটক করে। পরে পূর্বের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানান তিনি। তিনি আরও অভিযোগ করেন, গত ২০শে অক্টোবর সন্ধ্যায় তাদের বাড়িতে আবারো হামলা চালানো হয়। এ সময় তাকে ও তার সন্তানদের মারধর করা হয় এবং বাড়ির চারটি ঘর ভাঙচুর করা হয়। আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুটপাটে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি। বর্তমানে চার নাবালক সন্তানকে নিয়ে চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় রয়েছেন দাবি করে সেলিনা বলেন, বাড়িঘর ভাঙচুরের কারণে আশ্রয় সংকটে পড়েছেন তিনি। পাশাপাশি বসতভিটা থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে সেলিনা ঘটনার নিরপেক্ষ তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।