মা-মেয়ের চরিত্রে দীপা ও অধরা

মা-মেয়ের চরিত্রে দীপা ও অধরা

ফন্ট সাইজ:

সম্প্রতি বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। সেই ধারাবাহিকতায় এবার তাকে মায়ের চরিত্রে দেখা যাবে জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমায়। যেখানে তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা অধরা খান। বিষয়টি নিশ্চিত করে কানাডা থেকে অধরা খান জানান, এরই মধ্যে পরিচালক জাহিদ হোসেন ‘ঋতুকামিনী’ সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই সিনেমাটি মুক্তি পেতে পারে।

সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন— ফজলুর রহমান বাবু, আব্দুন নূর সজল’সহ আরও অনেকে। অভিনেত্রী দীপা খন্দকার বলেন, ‘ঋতুকামিনীর গল্পটা আসলে এত সুন্দর যে, একজন শিল্পী হিসেবে এই গল্পটাতে অভিনয় করে আমি মুগ্ধ। আমার চরিত্রটির মধ্যেও চমক আছে। আমি বিশ্বাস করি, সিনেমাটি মুক্তি পেলে আমার অভিনীত এই চরিত্রটির প্রতি দর্শকের মায়া জন্মাবে।’

অধরা খান বলেন, দীপা আপা আমার খুব প্রিয় একজন অভিনয়শিল্পী। তিনি যখন এই সিনেমাতে অভিনয় করেন, সেই সময়ের চেয়েও এই সময়ে তার একটা আলাদা ক্রেজ সৃষ্টি হয়েছে। যেটা দেখে আমার নিজের ভেতর ভীষণ ভালোলাগা কাজ করে। এমন একজন গুণী শিল্পীর সঙ্গে, ভীষণ ভালো মনের মানুষের সঙ্গে সিনেমাতে অভিনয় করে খুব ভালো লেগেছে।