যে দৃশ্যে আপত্তি রাশমিকার

যে দৃশ্যে আপত্তি রাশমিকার

ফন্ট সাইজ:

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা মনে করেন, অভিনয়ের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে— এমন কোনো বাধ্যবাধকতা নেই। চরিত্রের প্রয়োজনে বিকিনি বা খোলামেলা পোশাক পরার প্রসঙ্গ এলেও নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন তিনি। অভিনেত্রী জানান, অযথা কিংবা চরিত্রের প্রয়োজনের বাইরে খোলামেলা দৃশ্যে অভিনয়ে তার আপত্তি রয়েছে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাজির হয়ে এসব বিষয়ে কথা বলেন রাশমিকা। আলোচনায় উঠে আসে পর্দায় নারী চরিত্রের উপস্থাপন এবং অভিনয়শিল্পীদের নিজেদের আপত্তি জানানোর স্বাধীনতা। রাশমিকা জানান, কোনো দৃশ্যে অস্বস্তি বোধ করলে তিনি নিজের সীমারেখা স্পষ্ট করে দেন। তার পছন্দের অধিকাংশ পরিচালক বিষয়টি বোঝেন এবং সিদ্ধান্তকে সম্মান করেন। তবে নির্মাতাদের কাছে নিজের আপত্তির কথা জানানো সব সময় সহজ নয়। এমন পরিস্থিতিতে বিজয়ের সঙ্গে আলোচনা করেন তিনি। স্বামীর সমর্থন তাকে নিজের সিদ্ধান্ত জানাতে সাহস জোগায়। বিজয়ও মনে করেন, অভিনয়শিল্পীদের ‘না’ বলার স্বাধীনতা থাকা জরুরি। কাজে চুক্তিবদ্ধ হওয়ার পর অনেক সময় তাদের ওপর চাপ তৈরি হয়।

আপত্তি জানালে অপেশাদার ভাবা হতে পারে— এমন আশঙ্কায় অনেকে অস্বস্তিকর দৃশ্যেও রাজি হন। তাই শিল্পীদের মতামত জানানোর নিরাপদ পরিবেশ তৈরির ওপর জোর দেন বিজয়। আলোচনায় আসে রামচরণের ‘পেদ্দি’ ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্র নিয়েও বিতর্ক। দর্শকদের একাংশের অভিযোগ, চরিত্রটির ব্যক্তিত্বের চেয়ে তার শারীরিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। কিছু দৃশ্যে ক্যামেরার ব্যবহার ও চুম্বনের উপস্থাপন নিয়েও সমালোচনা হয়। বিতর্কের পর ছবিটির কিছু দৃশ্য সরিয়ে ফেলা হয়।