ফের নিজের পরিচালনায় কুসুমের সিনেমা

ফের নিজের পরিচালনায় কুসুমের সিনেমা

ফন্ট সাইজ:

ওপার বাংলার কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ‘পদ্মা নদীর মাঝি’খ্যাত নির্মাতা গৌতম ঘোষ দেশের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদারকে অদ্ভুত একটি নামে সম্বোধন করেন। আর সে নামটি হলো ‘পুঁটলি’। প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’র শুটিংয়ে কুসুম নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র একটি ব্যাগে ভরে প্রতিদিন শুটিং সেটে আসতেন। কুসুমের সেই ব্যাগে পাওয়া যেত না, এমন কিছু ছিল না। এজন্য প্রসেনজিৎ এবং গৌতম ঘোষ তাকে ‘পুঁটলি’ সম্বোধন করতেন।

পরবর্তীতে সেই সিনেমাটি ভারতের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের জাতীয়
চলচ্চিত্র পুরস্কার পায় এবং কুসুম শিকদার নিজেও বাংলাদেশে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সম্প্রতি কুসুম শিকদার তার জীবনের এমনই অনেক বলা-না বলা গল্প মেলে ধরেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটির এই পর্ব প্রচার হবে আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। এই পর্বে কুসুম শিকদার জানিয়েছেন, খুব শিগগিরই তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করবেন তিনি। এবারের সিনেমাটি হবে ক্রাইম-থ্রিলার। মূল গল্পটি কুসুমের নিজের।

তবে চিত্রনাট্য লেখার জন্য চিত্রনাট্যকারের খোঁজ করছেন তিনি। লাস্যময়ী কুসুম শিকদার একসময় ছিলেন ‘লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক-২০০২’ বিজয়ী। অথচ প্রথম নাটক ‘বিয়ের আংটি’র শুটিংয়ে থাইল্যান্ডের পাতায়াতে কুসুমকে প্রতিদিন মেকআপ করতে সাহায্য করতেন গুণী অভিনেত্রী তারিন জাহান। এমনকি দুবাইয়ে ‘লাক্স চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এও কুসুমকে মেকআপ করতে সাহায্য করেছিলেন রুমানা রশীদ ঈশিতা। কারণ হিসেবে কুসুম শিকদার বলেন, ‘আমি তখন মেকআপ করতে জানতাম না। এজন্য সিনিয়রদের অনেক বিরক্ত করেছি’। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।