বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে অবশেষে আর্জেন্টিনার কোচের পদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল স্কালোনি। আলবিসেলেস্তেদের সফল এই মাস্টারমাইন্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চুক্তিতে দুই পক্ষের সম্মতিতে এর মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে নেয়ার সুযোগও রাখা হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবশেষ আন্তর্জাতিক বিরতিতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে এক দীর্ঘ বৈঠকে চুক্তির শর্ত ও আর্থিক বিষয়াদি চূড়ান্ত করেন ৪৮ বছর বয়সি এই বিশ্বকাপজয়ী কোচ। যদিও এএফএর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগামী ৯ থেকে ১৭ই নভেম্বরের ফিফা উইন্ডো চলাকালেই নতুন এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। নভেম্বরের এই আন্তর্জাতিক বিরতিতে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। এই ম্যাচের ক্যাম্প চলাকালেই স্কালোনির নতুন চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এদিকে শুধু স্কালোনিকেই নয়, তার কোচিং স্টাফের পরীক্ষিত ও সফল সহযোগীদেরও টিকিয়ে রাখতে বদ্ধপরিকর এএফএ।
পাবলো আইমার, রবার্তো আয়ালার পাশাপাশি সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে দলে রাখার জোরালো চেষ্টা চলছে। যদিও স্যামুয়েলের নিজের প্রধান কোচ হওয়ার ইচ্ছা রয়েছে, তবুও সাম্প্রতিক বছরগুলোর আকাশছোঁয়া সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পুরো টিমকে ধরে রাখতে আগ্রহী দেশটির ফুটবল কর্তৃপক্ষ। ২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। তার কোচিংয়েই দীর্ঘ খরা কাটিয়ে একের পর এক ঐতিহাসিক ট্রফি জেতে আর্জেন্টিনা। স্কালোনির হাত ধরেই দলটি জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা।
