ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে মিশন শেষ টাইগারদের

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে মিশন শেষ টাইগারদের

ফন্ট সাইজ:

১৬০ রানের পুঁজি নিয়ে ফাইনালের স্বপ্ন দেখাটা কঠিনই ছিল। বাংলাদেশ সেটাই করতে গিয়ে হেরে গেছে ৭ উইকেটে, ৮৭ বল হাতে রেখে। ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শেষ রাউন্ড রবিন ম্যাচে আফগানিস্তানের কাছে এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল টাইগাররা।



টস জিতে ব্যাটিং নিয়ে দ্বিতীয় ওভারেই ৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ইয়ামিন আহমাদজাইয়ের প্রথম শিকার তানজিদ হাসান (১), পরের বলে বোল্ড সৌম্য সরকার (০)। হ্যাটট্রিক বল ঠেকিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু সপ্তম ওভারে আজমতউল্লাহ ওমারজাইয়ের পরপর দুই বলে শান্ত (১৫) ও অধিনায়ক তাওহীদ হৃদয় (০) ফিরলে স্কোর হয় ২৮/৪। সেখান থেকে পঞ্চম উইকেটে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন যোগ করেন ৯৩ রান। সাইফ ৮২ বলে ৪১ করে নবীর বলে আউট হলে ভাঙে সেই প্রতিরোধ। এর মধ্যে রশিদ খানকে মারা তাঁর ছক্কাটি ছিল তিন বছরে রশিদের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম।

ইমন ৯৬ বলে ৭০ রান করে ওয়ানডেতে দ্বিতীয় ফিফটি পান। কিন্তু তিনি এলবিডব্লিউ হওয়ার পর শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৩৯ রানে। রশিদ নেন ৩১ রানে ৪ উইকেট। অভিষেকে ১০ বল খেলে শূন্য রানে ফেরেন আলিস আল ইসলাম।



১৬১ রানের লক্ষ্যে নেমে তাসকিন আহমেদ শুরুতে গুরবাজ (৬) ও সেদিকউল্লাহ আতালকে (৪) ফেরালেও প্রতিরোধ গড়ে আফগানরা। দলীয় ৯৫ রানে ইব্রাহিম জাদরাননে ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর আর কোনো বিপদ হয়নি। রহমত শাহ (৯০ বলে অপরাজিত ৬৭) ও হাশমতউল্লাহ শহীদি (অপরাজিত ৩৬) ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেন।