আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাসকিন শরীফুলের উন্নতি

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাসকিন শরীফুলের উন্নতি

ফন্ট সাইজ:

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের পেসাররা। বল হাতে ভালো পারফরম্যান্সের সুবাদে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের। পাশাপাশি ব্যাটারদের তালিকায় এগিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১০ ওভারে ৪৪ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এই নৈপুণ্যে ৯ ধাপ এগিয়ে ৫৮৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় ১২তম স্থানে উঠে এসেছেন এই পেসার। দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন আরেক পেসার শরীফুল ইসলাম, তার রেটিং পয়েন্ট ৫৮৭।

তবে ওই ম্যাচে ৯ ওভারে ৬৬ রান দিয়ে ১ উইকেট পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন ৬ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৮৪ নম্বরে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮ বলে খেলা ৪৬ রানের নান্দনিক ইনিংসের সুবাদে ৩ ধাপ এগিয়েছেন তানজিদ হাসান তামিম। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ২১তম স্থানে রয়েছেন তিনি। বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে তাওহিদ হৃদয় তিন ধাপ নেমে ২৫তম, নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ নেমে যৌথভাবে ৩৭তম এবং মেহেদি হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে ৭৯তম অবস্থানে আছেন। এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে ৮ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তার রেটিং পয়েন্ট বেড়েছে ২৮। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান এখন ৮০। বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি- উভয় ফরম্যাটেই বোলারদের সিংহাসনে একচ্ছত্র আধিপত্য রশিদের।

বলের পাশাপাশি অলরাউন্ডার তালিকাতেও দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন এই আফগান তারকা। ওয়ানডে বোলারদের তালিকায় আবরার দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ তৃতীয় স্থানে রয়েছেন।

একই ম্যাচে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের সেদিকুল্লাহ আতালাল। ১১০ বলে ১০২ রানের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ৩২তম থেকে সরাসরি ২০তম স্থানে উঠে এসেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে তার সেঞ্চুরিতে ভর করেই ১৫৮ রানের বড় জয় পেয়েছিল আফগানরা। এ ছাড়া, পাকিস্তানের সালমান আগা এক ধাপ এগিয়ে ১২তম এবং ইংল্যান্ডের বেন ডাকেট দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে অবস্থান করছেন। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও এসেছে বেশ কিছু পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাই হোপ ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবম স্থানে এবং তার সতীর্থ শেরফেন রাদারফোর্ড ছয় ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন। এ ছাড়া, ক্যারিবীয় বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি বোলারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে জায়গা করে নিয়েছেন।