ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে মাত্রই পথচলা শুরু করেছেন অনিক দেববর্মা। এর মধ্যেই বড় এক সুযোগ পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এই ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর পরই আরেকটু বড় মঞ্চে পা পড়ছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে জায়গা পেলেন এই তরুণ পেসার। বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের দুইদিনের প্রস্তুতি ম্যাচ। জাতীয় ক্রিকেট লীগের ব্যস্ততার জন্য মূলত উঠতি ক্রিকেটারদের নিয়েই দলটি গড়া হয়েছে। জাতীয় লীগের সব দল থেকে এক-দু’জন করে ক্রিকেটার নিয়ে ১৪ জনের স্কোয়াড গড়া হয়েছে।
এবারের জাতীয় লীগে সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে অনিকের। জাতীয় দলের পেসারদের অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে সুযোগ পান তিনি। সম্ভাবনার কিছু ঝলক দেখালেও খুব বিশেষ কিছু করতে পারেননি হবিগঞ্জ জেলার বাহুবল থানার কালিগুচিয়া গ্রাম থেকে উঠে আসা পেসার। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়ার মাধ্যমে প্রথমবার দেশের ক্রিকেটের মূল স্রোতে জায়গা পান অনিক। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে জাতীয় পর্যায়ে উঠে আসা প্রথম ক্রিকেটার তিনিই। তবে এখনো যুব দলের হয়ে অভিষেক হয়নি অনিকের। চলতি ওমান সফরেও অনূর্ধ্ব-১৯ দলে রাখা হয়নি ১৮ বছর বয়সী পেসারকে। সুযোগ পেয়ে যান সিলেটের হয়ে জাতীয় লীগ খেলার। প্রথম দুই ম্যাচে ৩৭ ওভার বোলিং করে দু’টির বেশি উইকেট পাননি ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার পেসার। উচ্চতা ও গড়নের কারণেই মূলত তার ওপর বিশেষ নজর সিলেট তথা জাতীয় পর্যায়ের কোচদের।
অনিক ছাড়াও জাতীয় লীগ খেলতে থাকা আরও ১১ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে বিসিবি একাদশের দলে। এ ছাড়া, বয়সভিত্তিক পর্যায় থেকে অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার সান ও হোসেন সুযোগ পেয়েছেন ১৪ জনের দলে। বিসিবি একাদশে টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন একমাত্র ক্রিকেটার জাকের আলি। আনুষ্ঠানিকভাবে এই দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। তবে জাকেরের কাঁধেই পড়তে পারে নেতৃত্বের দায়িত্ব। এ ছাড়া, বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা শামীম হোসেন পাটোয়ারীও আছেন দলে। জাতীয় লীগে প্রথম তিন ম্যাচ হেরে যাওয়া বরিশাল অধিনায়ক ইফতেখার হোসেন, ময়মনসিংহের হয়ে তিন রাউন্ডে দু’টি সেঞ্চুরি করা মাহফিজুল ইসলাম, খুলনার হয়ে সম্ভাবনার ছাপ রাখা কালাম সিদ্দিকিরা আছেন বিসিবি একাদশে। তাদের সামনে এবার সুযোগ ক্যারিবিয়ান বোলারদের বিপক্ষে নিজেদের মেলে ধরার।
বিসিবি একাদশ স্কোয়াড: মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকি, ইফতেখার হোসেন, জাকের আলি, এসএম মেহেরব হাসান, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেববর্মা, ফাহাদ হোসেন, সান।
