আসন্ন নেপাল প্রিমিয়ার লীগের (এনপিএল) আগামী আসরে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন- বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, জিসান আলম, আকবর আলী, আরিফুল ইসলাম ও শামীম পাটোয়ারী।
পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে এই আসরে একসঙ্গে মাঠ মাতাবেন- সাকিব, সাইফউদ্দিন ও শেখ মেহেদী। এর মধ্যে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আগেই দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও বিসিবি’র এনওসি’র অপেক্ষায় ছিলেন সাইফউদ্দিন ও মেহেদী। এ ছাড়া, পুরো এনপিএল আসরে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। পোখারার বাইরে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলবেন বাকি বাংলাদেশি তারকারা। বিরাটনগর কিংসের জার্সিতে দেখা যাবে জিসান আলমকে।
কর্নোলি ইয়াকসের হয়ে মাঠে নামবেন আকবর আলী ও আরিফুল ইসলাম। আর লুম্বিনী লায়ন্সের হয়ে খেলবেন শামীম পাটোয়ারী। বিসিবি’র সবুজ সংকেত পাওয়ার পর এই তিন তরুণ ক্রিকেটারও এনপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন। আগামী ২৬শে অক্টোবর পর্দা উঠবে নেপাল প্রিমিয়ার লীগের এবং ২১শে নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। কাঠমান্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
