‘প্রোপার অলরাউন্ডার’ মিনহাসকে নিয়ে উচ্ছ্বসিত আফ্রিদি

‘প্রোপার অলরাউন্ডার’ মিনহাসকে নিয়ে উচ্ছ্বসিত আফ্রিদি

ফন্ট সাইজ:

অভিষেক ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন আরাফাত মিনহাস। ওই কীর্তি দেখে তাকে শুধু বোলার ভাবলে ভুল হবে। পঞ্চম ওয়ানডেতে ব্যাট হাতে ফিফটি, বল হাতে ছয় উইকেট নিয়ে নিজের অলরাউন্ড সামর্থ্যের পূর্ণ পরিচয় দিলেন পাকিস্তানের এই তরুণ। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। মিনহাসকে তিনি বললেন, ‘প্রোপার অলরাউন্ডার’।

ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ বলে ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মিনহাস। সাত নম্বরে ব্যাট করতে নেমে পাকিস্তানের বিপর্যয় সামলে দলকে ৩০০ রানের পুঁজি এনে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। পরে বল হাতেও দেখান নিজের সামর্থ্য। ৪০ রান দিয়ে ছয় উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং ধসিয়ে দেন এই বাঁহাতি স্পিনার। তার অলরাউন্ড নৈপুণ্যে ৮৭ রানে ম্যাচ জেতে পাকিস্তান। মিনহাস যখন ব্যাট করতে নামেন, পাকিস্তানের রান তখন ৫ উইকেটে ১৩৩। ২৫০ রানও তখন দূরের মনে হচ্ছিল। হাসান নাওয়াজের সঙ্গে ৭৪ বলে ৭৮ রানের জুটি গড়ে ম্যাচের চিত্র পাল্টে দেন তিনি। শেষ পর্যন্ত পাকিস্তান পায় ৩০০ পেরোনো সংগ্রহ। লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডও শুরুতে ছিল দারুণ ছন্দে। একপর্যায়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১২০ রান। টম ব্যান্টনকে ফিরিয়ে জুটি ভাঙেন মিনহাস। এরপর তার ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংলিশরা।

পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে ফিফটি ও অন্তত পাঁচ উইকেট নেয়ার কীর্তি ছিল শহীদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাকের। তবে একই ম্যাচে ফিফটি ও ছয় উইকেট নেয়ার নজির ছিল শুধু আফ্রিদির। এবার সেই তালিকায় যুক্ত হলো মিনহাসের নাম। ওয়ানডে ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে এক ম্যাচে ফিফটি ও ছয় উইকেট নেয়ার কীর্তিও গড়েছেন তিনি। গত মে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৩২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন মিনহাস। এবার ব্যাটে-বলে আরও বড় কীর্তি গড়ে জানিয়ে দিলেন, তাকে শুধু বোলিং বা ব্যাটিং অলরাউন্ডারের পরিচয়ে আটকে রাখা যাবে না। ব্যাটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মিনহাস বলেন, ‘আমি যখন ব্যাট করতে নামি, তখন জুটি গড়া জরুরি ছিল। হাসান ও আমি ঠিক করেছিলাম, যতটা সম্ভব রান যোগ করবো। হাসান ভালো ব্যাটিং করছিল, আমি তাকে সমর্থন দিচ্ছিলাম। সে আউট হওয়ার পর দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত ব্যাট করার চেষ্টা করেছি। তাতে আমরা লাভবান হয়েছি এবং ৩০০ রান করতে পেরেছি।’