ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলোয় বেনিন

ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলোয় বেনিন

ফন্ট সাইজ:

চীনে অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাচ্ছে আফ্রিকার দেশ বেনিন। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করে বেনিনের তরুণ ফুটবলাররা। গত মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ভারতের ওপর আধিপত্য বিস্তার করে খেলে বেনিন। তাদের গতিময় ফুটবলের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় রক্ষণভাগ। একের পর এক গোল হজম করে শেষ পর্যন্ত চরম লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতকে। টুর্নামেন্টে এটি বেনিনের টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারায় তারা। ভারতের বিপক্ষে ২৭ গোলের রেকর্ড গড়া জয়ের পর দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ! বিপরীতে এখন পর্যন্ত নিজেদের জালে কোনো গোল ঢুকতে দেয়নি দলটি।

টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্বের টিকিট কেটেছে ‘স্কুল চিতাস’খ্যাত বেনিন।
গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিক চীনের ‘টু’ দল ৬-০ ব্যবধানে হারায় কাতারকে। নিজেদের প্রথম ম্যাচে ভারতকেও ১৫-০ গোলে হারিয়েছিল চীনা দলটি। দুই ম্যাচ শেষে বেনিন ও চীন- উভয় দলেরই সংগ্রহ ৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে বেশ কিছুটা এগিয়ে রয়েছে সেভেরিন দানহার শিষ্যরা। বেনিনের গোল ব্যবধান যেখানে +৩৪, চীনের সেখানে +২১। পর পর টানা দুই হারে শূন্য পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে রয়েছে ভারত ও কাতার। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাওয়ায় ইতিমধ্যেই শেষ ষোলোর আসন পাকা করে নিয়েছে বেনিন। টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে অংশ নিচ্ছে তারা। এর আগে, ২০২৩ সালের আসরে পঞ্চম এবং ২০২৪ সালে ১৯তম স্থান অর্জন করে বেনিন।