সরব নুসরাত ফারিয়া

সরব নুসরাত ফারিয়া

ফন্ট সাইজ:

চলতি বছর ‘লোকে বলে’ গানটি দিয়ে আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। গানটির সুর ও সংগীতায়োজন করেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির ভিডিওচিত্রে জমিয়ে পারফর্ম করেছেন ফারিয়া। এর মাধ্যমে গান ও নাচে প্রশংসাও কুড়িয়েছেন। এদিকে, এই গানের পর নতুন গানের প্রস্তুতি নিচ্ছেন ফারিয়া। অন্যদিকে, অভিনয় নিয়েও সরব সময় কাটাচ্ছেন তিনি। দীর্ঘদিন পর তিনি শুরু করেছেন ওটিটির কাজ। এরই মধ্যে আইস্ক্রিনের জন্য অভিনয় করেছেন ‘লাপাত্তা’ নামক ওয়েব ফিল্মে। কমেডি-রোমান্টিক ঘরানার এ ফিল্মটি দ্রুতই আসবে। ফারিয়া জানিয়েছেন, এ ধরনের কাজ তিনি আগে কখনো করেননি। এই প্রথম এমন চরিত্রেও অভিনয় করলেন। তাই ‘লাপাত্তা’ নিয়ে বেশ আশাবাদী তিনি।

এদিকে, এ কাজের বাইরে এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়ার ‘লজ্জা’ নামক সিনেমার শুটিং শুরু করেছেন ফারিয়া। বর্তমানে এর শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। আবদুল আজিজের গল্পে ছবিটি পরিচালনা করছেন এম এইচ খোকন। সমাজ সচেতনতামূলক এই সিনেমায় আরও অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। এই প্রথম ফারিয়া ও বাঁধনকে একই সিনেমায় দেখা যাবে। ছবিটি আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তির কথা রয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর এটি প্রকাশ হবে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে। নুসরাত ফারিয়া এ ছবিটি নিয়েও দারুণ আশাবাদী।

তিনি বলেন, ‘লজ্জা’ একেবারেই ভিন্নধর্মী একটি সিনেমা। এটি বিনোদনের পাশাপাশি দর্শকদের একটি সমাজ সচেতনতামূলক মেসেজ দেবে। তা ছাড়া, এখানে আমার চরিত্রটিও চমৎকার। চ্যালেঞ্জ রয়েছে। আমার বিশ্বাস, খুব ভালো কিছু হতে চলেছে। এদিকে, জাজ মাল্টিমিডিয়ার ‘জিন-৩’ সিনেমারও কাজ শুরুর কথা রয়েছে ফারিয়ার। এতে তার বিপরীতে অভিনয় করবেন সজল।