প্রেমের গুঞ্জনে খুশি কাপুর

প্রেমের গুঞ্জনে খুশি কাপুর

ফন্ট সাইজ:

বলিউড অভিনেত্রী খুশি কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আকাশ মেহতার সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি দু’জনের একসঙ্গে অবকাশ যাপনের ছবি প্রকাশ্যে আসতেই এই আলোচনা আরও জোরালো হয়েছে। আকাশ মেহতা নিজের ইনস্টাগ্রামে ছুটি কাটানোর কয়েকটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি ছবিতে নৌকায় বসে খুশি ও আকাশকে দেখা যায়। লেপার্ড প্রিন্টের সাঁতারের পোশাকে খুশিকে আকাশের পাশে সেলফি তুলতে দেখা গেছে। ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে দু’জনের কেউই প্রেমের বিষয়টি নিশ্চিত করেননি। আকাশের সঙ্গে খুশির সম্পর্ক নিয়ে এর আগেও গুঞ্জন ছড়িয়েছিল। বলিউডে পা রাখার আগেই তাদের পরিচয় হয়েছিল বলেও জানা যায়। এর আগে, ‘দ্য আর্চিস’ সিনেমার সহশিল্পী বেদাং রায়নার সঙ্গেও খুশির প্রেমের গুঞ্জন শোনা যায়।

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্নের জবাবে খুশি মজার ছলে তাদের শুধু বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের ছোট মেয়ে খুশি ২০২৩ সালে ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয়ে অভিষেক করেন। এরপর ‘লাভইয়াপা’ ও ‘নাদানিয়ান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘মম টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।