সামিয়ার পাশে পরিবার

সামিয়ার পাশে পরিবার

ফন্ট সাইজ:

ক্যান্সারের চিকিৎসায় চুল হারানোর কষ্ট ভাগ করে নিতে উপস্থাপক সামিয়া আফরিনের পাশে দাঁড়িয়েছেন তার স্বামী ও ছেলে। ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত সামিয়া বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার আশঙ্কা থাকায় প্রথমে ছেলের হাতে মাথা ন্যাড়া করান তিনি। পরে মায়ের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে ছেলে আহানাফ আরাবি এবং স্বামী এস এম রেজাউল ইমরানও মাথা ন্যাড়া করেন। সামিয়া যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জানান, বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মবিশ্বাস ও সুস্থভাবে বেঁচে থাকাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, চুল থাকুক বা না থাকুক, আত্মবিশ্বাসটাই মূল। আল্লাহ্ তাকে বাঁচিয়ে রেখেছেন এবং হাঁটাচলা করতে পারছেন— সেটাই বড় পাওয়া। ২০২২ সালে প্রথম কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন সামিয়া। পরে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। অস্ত্রোপচার ও চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে জেনেটিক পরীক্ষায় আবারো ক্যান্সার ধরা পড়ে, এবার ডিম্বাশয়ে। গত ২২শে জুলাই সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পর দেশে তার কেমোথেরাপি চলছে। মায়ের অসুস্থতার সময় কানাডায় পড়াশোনা ছেড়ে দেশে ফিরে এসেছিলেন ছেলে আহানাফ। মায়ের পাশে থাকতে নিজের পড়াশোনাও নতুনভাবে শুরু করেন তিনি। সামিয়ার ২৭ বছরের দাম্পত্য জীবনের সঙ্গী রেজাউল ইমরানও কঠিন সময়ে পাশে রয়েছেন। ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন সামিয়া। পডকাস্ট ও উজ্জ্বলা ফাউন্ডেশনের মাধ্যমে রোগীদের সহায়তা এবং তহবিল সংগ্রহেও যুক্ত তিনি।