বেশ কয়েক বছর হলো দেশে নেই চিত্রনায়িকা বিপাশা কবির। এরই মধ্যে কিছুদিন আগে তিনি তার মা’কে হারিয়েছেন। পৃথিবীর বুকে বিপাশা তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে শেষ দেখাও দেখতে পারলেন না। এটা তার সারা জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে রইলো। জীবনের প্রয়োজনে বিপাশা কবির যুক্তরাষ্ট্রে আছেন। কিন্তু মা’কে শেষ দেখার আফসোসটা তার রয়ে যাবে আজীবন।
তিনি বলেন, জীবন চলার পথে অনেক কষ্ট করেছি, অনেক সংগ্রাম করেছি, অনেক সময় অনেকের কাছ থেকে দুঃখও পেয়েছি। কিন্তু এই যে বিদেশে বসে আমার গর্ভধারিণী মা’কে হারানোর খবর এবং তাকে শেষ দেখাটাও না দেখার যে কষ্ট, এটা যে কতোটা তীব্র যন্ত্রণার— তা আসলে বলে বোঝানোর মতো নয়। মা’তো চলেই গেলেন, কিন্তু আমাকে সারাটা জীবন এক হাহাকারের মাঝে রেখে গেলেন। প্রতিটি মুহূর্তে মা’কে মনে পড়ে। মায়ের কবরের কাছে গিয়ে যে একটু দোয়া করবো, সেই সুযোগটাও আপাতত নেই। জানি না ঠিক কবে দেশে ফিরতে পারবো। তবে আল্লাহ্র উপর ভরসা করে ভীষণ প্রতীক্ষায় দিন কাটাচ্ছি আমি। হয়তো খুব দ্রুতই এ অপেক্ষা শেষ হবে আমার। সেদিন হয়তো দেশে ফিরবো, কিন্তু পরম মমতায় আমাকে কে বুকে আগলে নেবে, জড়িয়ে নেবে। সবার কাছে দোয়া চাই, আমার মা’কে যেন আল্লাহ্ বেহেশত নসিব করেন। এদিকে, বিপাশা কবির অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমা তিনটি হচ্ছে— বাপ্পী খানের ‘সোলমেট’, কালাম কায়সারের ‘যার নয়নে যারে লাগে ভালো’ ও রেজা হাসমতের ‘জেদী মেয়ে’।
