চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এ বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে শতভাগ চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি। মঙ্গলবার এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু করে। এর মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলটিতে শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৪০ জন বাংলাদেশি কর্মী নিয়োজিত রয়েছেন। পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম শুরু হলে এখানে দুই হাজারের বেশি বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বেপজার বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রতিষ্ঠানটির প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ডলার। এর বিপরীতে ইতোমধ্যে ১ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার বিনিয়োগ করা হয়েছে। ছয়টি শিল্পপ্লটে স্থাপিত কারখানাটিতে বিভিন্ন ধরনের জিপার, জিপারের যন্ত্রাংশ, প্লাস্টিকের বোতাম ও সংশ্লিষ্ট সামগ্রী উৎপাদন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসবিএস জিপার গ্রুপের চেয়ারম্যান, বিদেশি ক্রেতা, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব উপস্থিত থেকে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান।
বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এ মোট ২৭৯টি শিল্পপ্লটের মধ্যে ২৬৩টি প্লট এবং একটি ছয়তলা কারখানা ভবন ৪৭টি শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে ১৪টি প্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠান শিগগিরই উৎপাদন শুররু করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ১৭টি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণকাজ চলমান রয়েছে।
বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এ এসবিএস জিপারের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ায় তা রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
