শিবচরে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবনের উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত ৩৫ জন বেকার নারীর মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। বুধবার দুপুরে শিবচর পৌরসভার ডাকবাংলোর মাঠে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শহিদুল হাসান। মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মোঃ শহিদুল হাসান শিবচরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে তার শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি শিবচরের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের নেয়া নানামুখী পদক্ষেপে গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোর দ্রুত পরিবর্তন ঘটছে। শিবচর উপজেলার বিএনপি নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে যুব সমাজের জন্য একটি আধুনিক সুইমিং পুল ও খেলার মাঠ বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেত্রী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হুদা সেলিম প্রমুখ।
