পাকিস্তান-মালদ্বীপের বাণিজ্য ২০ কোটি ডলারে উন্নীত করার অঙ্গীকার

পাকিস্তান-মালদ্বীপের বাণিজ্য ২০ কোটি ডলারে উন্নীত করার অঙ্গীকার

ফন্ট সাইজ:

আগামী দুই বছরের মধ্যে পাকিস্তান ও মালদ্বীপের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১ কোটি ৩০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২০ কোটি ডলারে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ কথা জানিয়েছেন। এদিন বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই দেশ।

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর তিন দিনের রাষ্ট্রীয় সফর উপলক্ষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। গত ১১ বছরের মধ্যে এই প্রথম মালদ্বীপের কোনো প্রেসিডেন্ট পাকিস্তান সফর করছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর সঙ্গে মিল রেখেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রেসিডেন্ট মুইজ্জু উপস্থিত ছিলেন। এ সময় দুই দেশের প্রতিনিধিরা সমঝোতা স্মারকগুলো বিনিময় করেন।

সফররত প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর প্রচেষ্টা আরও জোরদার করা হবে। তথ্যপ্রযুক্তি খাতে মালদ্বীপকে কারিগরি সহায়তা দেবে পাকিস্তান বলেও জানান তিনি। প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, কৃষি, মৎস্য, পর্যটন, সামুদ্রিক নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে এসব চুক্তি করা হয়েছে।

তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল দক্ষতা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাচার এবং মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধেও সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। অন্যান্য চুক্তির মধ্যে রয়েছে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং মালদ্বীপের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের সঙ্গে পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহযোগিতা। স্বাস্থ্য পেশাজীবী নিয়োগ, প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়েও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই পক্ষ।