সহস্র বছরের পুরোনো কফিনের রহস্যজট উন্মোচন

সহস্র বছরের পুরোনো কফিনের রহস্যজট উন্মোচন

ফন্ট সাইজ:

বৃটেনের ওয়েস্টমিনস্টার অ্যাবের প্রাঙ্গণে উদ্ধার হয় একটি রোমান পাথরের শবাধার বা সারকোফাগাস। এর ভেতরে থাকা এক অজ্ঞাত ব্যক্তির কঙ্কালের রহস্য অবশেষে উন্মোচিত হয়েছে। বিশেষজ্ঞরা জানান, কঙ্কালটি সম্ভবত একাদশ শতাব্দীর এক মধ্যযুগীয় মঠাধ্যক্ষ বা অ্যাবটের। গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে। ১৮২০ সালে প্রথম আবিষ্কৃত এবং ১৮৬৯ সালে আনুষ্ঠানিকভাবে খনন করে পাওয়া চুনাপাথরের এই শবাধারটিতে রোমান যুগের ভ্যালেরিয়াস আমান্ডিনাস নামের এক ব্যক্তির নাম লেখা ছিল।

তবে এর আশেপাশে কোনো রোমান নিদর্শন পাওয়া যায়নি। ওয়েস্টমিনস্টার অ্যাবের পরামর্শক প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ওয়ারউইক রডওয়েল জানান, এটি শবাধারটির মূল সমাধিস্থল ছিল না। এছাড়া এর ঢাকনায় খোদাই করা একটি বড় ক্রুশ ছিল, যা অ্যাংলো-স্যাক্সন আমলের বলে প্রমাণ পাওয়া যায়। ২০১৮ সালে কুইন্স ডায়মন্ড জুবিলি গ্যালারিতে প্রদর্শনের জন্য শবাধারটি ল্যাবরেটরিতে নিয়ে এর ঢাকনা খোলা হলে ভেতরে কঙ্কালটি পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, কঙ্কালটি ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এবং ৩৫ থেকে ৪৯ বছর বয়সী এক পুরুষের। শবাধারের ভেতরে গুঁড়ো চুনের একটি আয়তক্ষেত্রাকার দাগ পাওয়া যায়, যা থেকে ধারণা করা হয় মৃতদেহটি একটি কাঠের কফিনে রেখে তারপর এই পাথরের শবাধারের ভেতর রাখা হয়েছিল। হাড়গুলোর রেডিওকার্বন ডেটিং থেকে জানা গেছে এগুলো দশম শতাব্দীর শেষের দিকে বা একাদশ শতাব্দীর প্রথম দিকের। রডওয়েল জানিয়েছেন, ঢাকনার ক্রুশ এবং সমাধির ধরন দেখে বোঝা যায় মৃত ব্যক্তি কোনো উচ্চপদস্থ যাজক ছিলেন।

তিনি ধারণা করছেন, এই মঠাধ্যক্ষ হতে পারেন অ্যালফউইগ, যিনি ১০২০ সালের দিকে মারা যান। কারণ তিনি দীর্ঘ ২৭ বছর ধরে এই পদে দায়িত্ব পালন করেছিলেন।