ভারতকে ২৭ গোল দিল বেনিন

ভারতকে ২৭ গোল দিল বেনিন

ফন্ট সাইজ:

চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপ ফুটবলে গোলবন্যা বইয়ে দিচ্ছে আফ্রিকার দেশ বেনিন। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের স্কুল দলকে ২৭-০ গোলে হারিয়েছে তারা। মঙ্গলবার সুঝৌতে শুরু থেকেই একতরফা ম্যাচে ভারতের রক্ষণ ভেঙে পড়ে। এর আগে সোমবার প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল বেনিন। ওই ম্যাচের প্রথম ৩১ মিনিটেই ছয় গোল করে ফেলেছিল তারা। চার মিনিটে ইজুদিন বুকারির গোলে শুরু। জুনিয়র ফানু করেন জোড়া গোল। জোড়া গোল জন ইথান হুন্তিনমেরও। ষষ্ঠ গোলটি সিলভানিক্স নেগুইয়ের।

দুই ম্যাচে বেনিনের গোল ৩৪টি। হজম করেনি একটিও। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলো নিশ্চিত করেছে ‘স্কুল চিটাহস’ নামে পরিচিত দলটি। গ্রুপের অন্য ম্যাচে চীনের ‘টু’ দল কাতারকে ৬-০ গোলে হারিয়েছে।

প্রথম ম্যাচে স্বাগতিকেরা ভারতকে হারিয়েছিল ১৫-০ গোলে। ফলে বেনিন ও চীন, দুই দলেরই পয়েন্ট ৬। গোল ব্যবধানে বেনিন (+৩৪) এগিয়ে চীনের (+২১) চেয়ে। কাতার ও ভারতের পয়েন্ট শূন্য। গ্রুপের সেরা দুই দল উঠবে শেষ ষোলোয়। হিসাবে চীনেরও জায়গা নিশ্চিত। বুধবার সুঝৌতে গ্রুপের শেষ ম্যাচে চীন ‘টু’ দলের মুখোমুখি হবে বেনিন। ড্র করলেই গ্রুপসেরা থাকবে সেভেরিন দানহার শিষ্যরা। চীনের গ্রুপসেরা হতে জয় ছাড়া উপায় নেই। টানা তৃতীয়বার এই টুর্নামেন্টে খেলছে বেনিন। ২০২৩ সালে হয়েছিল পঞ্চম, ২০২৪ সালে ১৯তম। এবার লক্ষ্য শিরোপা। টুর্নামেন্ট চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। ফাইনাল ২৫ অক্টোবর, সুঝৌ স্পোর্টস সেন্টারে।