ইশরাককে পুনর্বহাল করা না হলে জুলাই শহীদ পরিবারের বা আহত ব্যক্তিদের কাউকে প্রতিমন্ত্রী করার দাবি

ইশরাককে পুনর্বহাল করা না হলে জুলাই শহীদ পরিবারের বা আহত ব্যক্তিদের কাউকে প্রতিমন্ত্রী করার দাবি

ফন্ট সাইজ:

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদে ইশরাক হোসেনকে পুনর্বহাল করার দাবি জানিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। আর যদি তাকে পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মধ্য থেকে কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও যোদ্ধাবৃন্দ’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সেখানে লিখিত বক্তব্যে বলা হয়, ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং ন্যায্য দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তার পদত্যাগের ঘটনায় শহীদ পরিবার ও আহতদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে জানিয়ে আরও বলা হয়, ইশরাক হোসেনের মাধ্যমে যে কার্যক্রম এগিয়ে যাচ্ছিল—তা যেন কোনোভাবেই স্থবির না হয়ে যায়।

লিখিত বক্তব্যে ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রী পদে পুনর্বহালের দাবি জানিয়ে বলা হয়, সেটি সম্ভব না হলে শহীদ পরিবার বা আহতদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। এ ক্ষেত্রে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দায়িত্ব পালন করা অভিজ্ঞ ব্যক্তিদের মধ্য থেকেও কাউকে মনোনীত করা যেতে পারে।

সংবাদ সম্মেলনের আয়োজকেরা জানান, সেখানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ইমরান হোসেন, শহীদ নুর হোসেনের মা নুরন্নাহার প্রমুখ।