এবারো রংপুরের কপালে জুটলো না ঈদের বিশেষ ট্রেন

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে চলবে ১০টি বিশেষ ট্রেন। তবে এবারো রংপুরের কপালে একটিও ট্রেন জোটেনি। তাই এবারো রংপুরের মানুষ পাচ্ছেন না এই বিশেষ ট্রেনের সুবিধা। রংপুরবাসীর ভরসা শুধু আন্তঃনগর রংপুর এক্সপ্রেস। যার টিকিট পাওয়া স্বাভাবিক সময়ই কঠিন হয়ে পড়ে। আর ঈদ সিজনে তো এটি সোনার হরিণের চেয়েও দামি। ২০২৫ সালে পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। এসব ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করে। এবারো ঈদুল ফিতরে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে রেলওয়ে। রুটও প্রায় ২০২৫ সালের মতো একই রাখা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের লালমনিরহাট ডিভিশন থেকে রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা, দ্রুতযান, দোলনচাপা, করতোয়া এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেস ঢাকায় চলাচল করে। প্রতিদিন এসব ট্রেনে ৮ থেকে ১০ হাজার যাত্রী ঢাকাসহ বিভিন্নস্থানে যাতায়াত করেন। রংপুরবাসীর প্রত্যাশা ছিল এবার ঈদে হয়তো রংপুরের ভাগে একটি বিশেষ ট্রেন জুটবে। কিন্তু সে আশায় গুঁড়েবালি। বিগত দিনের মতো এবারো বৈষম্যের শিকার হলো উত্তরাঞ্চলের প্রাণ রংপুর। জানা গেছে, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম থেকে চাঁদপুর, ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, গাজীপুরের-জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত ট্রেন চলাচল করবে। এছাড়া পার্বতীপুর-দিনাজপুর রুটে এবং ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে গোর-এ-শহীদ ঈদ স্পেশাল ট্রেন দুই জোড়া চলবে। ট্রেনে নিয়মিত যাতায়াতকারী চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, এমনি সাধারণ সময়ই ট্রেনের টিকিট পাওয়া যায় না। ঈদের সিজন শুরু হলে তো আরও পাওয়া যায় না। রংপুরের সঙ্গেই বারবার এরকম করা হয় কেন। যাত্রী হাবিবুর রহমান বলেন, রংপুরের মানুষকে সবদিক থেকেই বঞ্চিত করা হয় কেন। সারা দেশে মোট ১০টি ট্রেন চলবে, একটি ট্রেন কি দেয়া যেত না? সুশাসনের জন্য নাগরিক-সুজনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট জোবাইদুল ইসলাম মানবজমিনকে বলেন, রংপুর-ঢাকা যাতায়াতে জনবহুল রংপুর থেকে মাত্র দুটি ট্রেন চলাচল করে। পক্ষান্তরে অন্যান্য বিভাগীয় শহরে অসংখ্য ট্রেন চলাচল করে। স্বাভাবিক সময়ই আমরা ট্রেনের টিকিট পাই না। সেখানে এবারো স্পেশাল ট্রেন আমাদের দেয়া হলো। আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এছাড়াও স্বাভাবিক সময়ও ট্রেনের সংখ্যা বাড়ানো প্রয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন