কুমিল্লার দেবিদ্বারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় ভুক্তভোগী পরিবার ও ভোষনা গ্রামবাসীর আয়োজনে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন— কাজী লোকমান, মো. আউয়াল খান, মো. শাহজালাল, মো. জাহাঙ্গীর আলম, ভুক্তভোগী পরিবারের আব্দুল আজিজ, আহতের স্ত্রী শাহিনা বেগম, কামরুল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, মাছ ধরা নিয়ে হাতাহাতি ও বাকবিতণ্ডায় বহিরাগত সন্ত্রাসী নিয়ে একটি দরিদ্র পরিবারকে মারধর, হামলা ও ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট করে নিঃস্ব করে দিয়েছে নবী নেওয়াজ ও তার ভাড়া করা সন্ত্রাসীরা। কিন্তু এ ঘটনায় পুলিশ হামলার শিকার পরিবারের মামলাটি সহজ ধারায় লিপিবদ্ধ করে। অপরদিকে, আসামিদের পক্ষ নিয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক অজয় চক্রবর্তী একটি মামলা আমলে নেন। ভুক্তভোগীদের চেয়ে আসামিদের মামলাটি বেশি গ্রহণযোগ্য বলে তুলে ধরেন। মামলার ধারায় হামলার শিকার ও আহত ব্যক্তির দাঁত ফেলে দেয়া এবং গুরুতর জখমের বিবরণ তুলে না ধরায় আসামিরা গ্রেপ্তারের আগেই আগাম জামিন নিয়ে নেয়।
মানববন্ধনে গুরুতর আহত আক্তার হোসেনের স্ত্রী শাহিনা বেগম বলেন, সন্ত্রাসীদের বাবা বলে, হাতে পায়ে ধরেও রক্ষা পায়নি। সন্ত্রাসীরা মরে গেছে ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় গ্রামবাসী খবর পেয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে উপজেলার ধামতী গ্রামের আব্দুল কাদের নামে এক সন্ত্রাসীকে আটক করে রাখে।
অপরদিকে, অভিযুক্ত নবী নেওয়াজও তাকে মারধরের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগপত্র থানায় দায়ের করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মামলার এজাহার উনারা লিখে এনেছেন। আমরা মামলা রেকর্ডপূর্বক আসামি আটক করে আদালতে সোপর্দ করেছি, আদালত যদি আসামিকে জামিন দেয় সেক্ষেত্রে আমাদের কিছুই করার নেই।
