নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছে জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ আজাদ। পূজার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করা এবং ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ সহায়তা দেয়া হয়
সোমবার দুপুরে জেলা পরিষদ হলরুমে নোয়াখালী পৌরসভার ১৫টি এবং সদর উপজেলার ৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো.শেখ ছাদেক, জেলা বিএনপির নেতা আবদুর করিম মুক্তাসহ সনাতনী ধর্মাবলম্বী বিভিন্ন নেতৃবৃন্দরা।
জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন এটাই প্রত্যাশা। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বিকল্প নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। সহায়তা পাওয়া সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে।
