সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ২৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে পূজারি-পুণ্যার্থীদের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এদিকে, দুর্গোৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যরে বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা পূজামণ্ডপ পরিদর্শন করছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, উপজেলার ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
আজমপুর সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি অকিল চন্দ্র দাস বলেন, অন্যান্য বছরের মতো এবারো উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারি-পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনই তাদের প্রত্যাশা।
