সিরাজগঞ্জের রায়গঞ্জে দু’টি বেকারি পণ্যের কারখানা ও একটি শোরুমে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
সোমবার দুপুরে উপজেলার চান্দাইকোনা ও নিমগাছী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।
তিনি মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, বিদেশি কসমেটিকসের লেভেলে আমদানি ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাথী বেকারির মালিক কুলসুম আরাকে ২০ হাজার, বেলি ডেইরি ও ফুড প্রোডাক্টসের মালিক জাকির হোসেনকে ৪০ হাজার ও জিয়াসমিন শোরুমের মালিক জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া স্থানীয় বাজারে ফল, ভোজ্য তেল ও নিত্যপণ্যের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করেন ভোক্তা অধিদপ্তর। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম হোসেন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
