চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে শিশু দু’টি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দু’টিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।