প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নতুন রংয়ে সাজছে রংপুর

ফন্ট সাইজ:

শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে ২০শে অক্টোবর রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে নতুন রংয়ে সাজছে রংপুর। তোড়জোড় শুরু হয়েছে রংপুর নগরীকে গোছাতে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আনন্দে ভাসছে রংপুরের হিন্দু ধর্মাবলম্বীরা। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে তারাও প্রস্তুত। এদিকে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি।

সরজমিন দেখা যায়, নগরীর ডিসি’র মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত সড়কের চলমান কাজের গতি বেড়েছে। দীর্ঘদিন ঝুলে থাকা সড়ক উন্নয়নের কাজটি ২ দিনের মধ্যেই শেষ পর্যায়ে চলে গিয়েছে। এ ছাড়াও রংপুর সিটি করপোরেশনে ১৮শ’ কোটি টাকার বাজেট বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নগর। এদিকে প্রধানমন্ত্রী আসবেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে, তাই এ মন্দিরকে আরও জাঁকজমকভাবে সাজানো হচ্ছে। নগরীর রোড ডিভাইডারগুলো রাঙানো হচ্ছে লাল সাদা রংয়ে। সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হচ্ছে গাছ। সে সঙ্গে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা অনিন্দিতা কুণ্ডু বলেন, প্রথমবারের মতো দেশের একজন প্রধানমন্ত্রী রংপুরে আসছেন আমাদের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে, তাই আমরা খুবই আনন্দিত। রাজশাহী অঞ্চলে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে বলেন, সৌহার্দ্যপূর্ণ-সম্প্রীতি বজায় রেখে পূজা উদ্যাপন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। আশা করছি দুর্গা মা যেন সকলকে সুখ-শান্তি, সমৃদ্ধি দান করেন। বিজিবি’র ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০শে অক্টোবর রংপুর ধর্মসভায় পূজামণ্ডপ দেখতে যাবেন। ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে ৪টি পেট্রোল টিম আমরা নির্ধারণ করেছি। এসএসএফের সঙ্গে আমাদের সমন্বয় হয়েছে। তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে যে স্থানগুলো আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, সেখানে সশস্ত্র বিজিবি সদস্য মোতায়েন থাকবে। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী চৌধুরী সশরীরে উপস্থিত থেকে নগরীর উন্নয়নমূলক কাজগুলো পরিদর্শন করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন রংপুরের জন্য সুফল বয়ে নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। রংপুর মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নেতাকর্মীসহ রংপুরবাসী উদ্গ্রীব হয়ে আছে।