জৈন্তাপুরে অটোরিকশা থেকে মদ উদ্ধার

ফন্ট সাইজ:

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে সিএনজিচালিত অটোরিকশা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য বহনের দায়ে অটোরিকশা জব্দ ও চালক নুরুল ইসলাম আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোর ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাপলা ফিলিং স্টেশনের সামনে পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জড়িত অপরাধীকে গ্রেপ্তার করা হয়। ধৃত সিএনজিচালক নুরুল ইসলাম আকাশ সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়ারপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে।

জৈন্তাপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করে নিয়মিত অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আসছে। অপরাধ ও অপরাধীর সঙ্গে আমাদের কোনো সখ্যতা নেই, মাদক, অপরাধমুক্ত থানা এলাকা গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, চলমান ধারাবাহিক অভিযানের আওতায় উক্ত মাদক চালান ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।