খুলনায় দুর্বৃত্তের গুলিতে জুম্মন ওরফে জুম্মা (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টুটপাড়া আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত যুবক টুটপাড়া দারোগার বস্তি এলাকার লুৎফর রহমানের ছেলে। এ ঘটনার ১৫ দিন আগেও একবার হামলার শিকার হয় এ যুবক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে টুটপাড়া আমতলা মোড় মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল ওই যুবক। একটি মোটরসাইকেলযোগে হেলমেট পরে আসা তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয়। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোনও তারা ছিনিয়ে নেয়। পরে গুলির শব্দ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় একটি সূত্র জানায়, টুটপাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারি বিসমিল্লাহর বড় ভাইয়ের ছেলে জুম্মন। পেশায় সেও একজন মাদক কারবারি। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া খুলনার শীর্ষ এক সন্ত্রাসীর হয়ে টুটপাড়া এলাকায় মাদক বিক্রি করে। গত ১৫ দিন আগেও খুলনার বিশেষ এক বাহিনীর সদস্যরা তার বাড়িতে এসে গুলি করে। সেদিন পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছিল পরিবারের সদস্যরা। খুলনা থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন রিপন বলেন, টুটপাড়া খালপাড় থেকে দুর্বৃত্তরা এসে গুলি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গভীর রাত হওয়ায় কেউ ঘটনা সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে তদন্ত চলছে। গুলিবিদ্ধ যুবক স্থানীয় এক মাদক কারবারির বড় ভাইয়ের ছেলে।
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৯ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
