নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের ঘটনায় অপূর্ব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে দুর্গাপুর পৌরশহরের মধ্যবাজার পুরাতন সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা শমসের আলীর ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ৪৮ ঘণ্টা পর প্রথম কাউকে গ্রেপ্তার করা হয়েছে। অপূর্ব দুর্গাপুরের অন্যতম সন্ত্রাসী তাজুল ইসলামের সহযোগী। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক আলিফ ফকিরকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে একটি চা দোকানের সামনে গুলি করে হত্যা করা হয়। তিনি আইপিটিভি (ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন) রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করতেন, সেখানে সীমান্ত চোরাচালান, মাদক, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট ও তথ্য প্রকাশ করতেন। এ ঘটনায় গত শুক্রবার রাত সাড়ে ১১টায় নিহত আলিফ ফকিরের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে, গত বছরের ১০ই নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেলিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা আলিফ ফকিরকে কুপিয়ে জখম করে। লুৎফুজ্জামান আলিফ ফকির তেলনজিয়া গ্রামে তার শ্বশুরবাড়িতেই থাকতেন। ঘটনার দিন বাড়ির পাশেই একটি দোকানে চা খেতে বের হয়েছিলেন। এ সময় দুই যুবক এসে তাকে লক্ষ্য করে পর পর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এলে ওই যুবকরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লুৎফুজ্জামানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১
নেত্রকোণা প্রতিনিধি
১৯ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
