‘আমি আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। ভবিষ্যতে আমাদের মতো যেন কাউকে এই শিশু বয়সে বাবাহারা হতে না হয়। আমাদের বাঁশঝাড় থেকে বাবা দুইটা বাঁশ কাটতে গিয়েছিলেন। ঘাতকরা আমার বাবাকে নির্মমভাবে কুপিয়ে, পিটিয়ে ও ছুরিকাঘাতে চোখের সামনে হত্যা করলো। আমি আমার ২৬ মাস বয়সী ছোট ভাই সামিউলকে নিয়ে জানালার ফাঁক দিয়ে দেখেছি, বাবাকে আর না মারতে অনুরোধ করেছি, কিন্তু ঘাতকরা আমার বাবাকে মেরেই ফেললো।’ কুমিল্লার দেবীদ্বারে হত্যা ও ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে এসব কথা বলে, উপজেলার বারুর গ্রামে হত্যার শিকার দিনমজুর সহিদুলের ৯ বছরের শিশুকন্যা সাদিয়া আক্তার। গতকাল সকাল ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরের ‘স্বাধীনতা স্তম্ভের’ পাদদেশে ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে ওই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন চলাকালে ভূমিহীন সংগঠনের নেতা আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বক্তব্য রাখেনÑ বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি পরেশ কর, বাঁশ কাটা নিয়ে প্রতিপক্ষের হাতে খুন হওয়া বারুর গ্রামের দিনমজুর সহিদুল ইসলামের স্ত্রী নারগিস আক্তার (৩৫), নিহতের ছেলে ইমন (১৬), শিশুকন্যা সাদিয়া আক্তার (৯), ভূমিহীন নেতা লিল মিয়া, তজু মিয়া, রমিজ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, লিমন ও নজরুল গ্রেপ্তার হলেও নিশাদ এখনো পলাতক রয়েছে। অপরদিকে গত ৫ই আগস্ট উপজেলার কুরুইন গ্রামের মাজহারুল ইসলাম (২৫) নামে এক যুবক চকলেট দেয়ার কথা বলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দিনমজুর সহিদুল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত তিন আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপরজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ছাড়াও ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
দেবিদ্বারে হত্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
১৯ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
