মোহনগঞ্জে গুলিবিদ্ধ দোকান কর্মচারী

ফন্ট সাইজ:

নেত্রকোণার মোহনগঞ্জে সুজন পাল (৩৩) নামে এক দোকান কর্মচারীকে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। রোববার ভোর সাড়ে ৫টার দিকে পৌরশহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ আশ্রমের সামনের সড়কে এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ সুজন পাল পার্শ্ববর্তী খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরশহরের মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। আর মোহনগঞ্জ বাজারের কাচারি রোডে একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন।

স্থানীয়রা জানায়, সুজন পাল রোববার ভোরে ঘুম থেকে উঠে বাসা থেকে বেরিয়ে রাস্তার পাশে পুকুরের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে অধিকতর চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) প্রেরণ করেন।

গুলিবিদ্ধ সুজন পালের স্ত্রী টুম্পা পাল বলেন, মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি সুজনের কাছে দুবাই প্রবাসী পলাশ নামের এক ব্যক্তির বাড়ির অবস্থান জানতে চান। এ সময় তাদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়াতে শুরু করেন। এ সময় দুর্বৃত্তরা পেছন থেকে তাকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, গুলিবিদ্ধ অবস্থায় সুজন পালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।