নতুন অধিনায়ক নাহিদা সহকারী সোবহানা

নতুন অধিনায়ক নাহিদা সহকারী সোবহানা

ফন্ট সাইজ:

মেয়েদের এশিয়া কাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নিগার সুলতানা জ্যোতি। গতকাল তার জায়গায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। সহ-অধিনায়ক মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। বিসিবি’র নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু নতুন নেতৃত্বের ব্যাপারটি নিশ্চিত করেন।
২৫ বছর বয়সী নাহিদা এত দিন জ্যোতির ডেপুটি ছিলেন। এ বছর বিশ্বকাপ বাছাই ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সহ-অধিনায়ক ছিলেন তিনি। ১১৩ টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট ১৩২টি। ৬৫ ওয়ানডেতে নিয়েছেন ৮১ উইকেট। সহ-অধিনায়ক সোবহানা ২৪ বছর বয়সী ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। ৭২ টি-টোয়েন্টিতে তার রান এক হাজারের বেশি। ৩৬ ওয়ানডেতে ছয়শোর বেশি রান করেছেন। এর আগে এশিয়ান গেমসের মাঝপথে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত বোর্ডকে জানান জ্যোতি।

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অস্ট্রেলিয়া সফরেও দলকে নেতৃত্ব দেন উইকেটরক্ষক এ ব্যাটার। ২০২২ সাল থেকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন জ্যোতি। ৮২ ম্যাচে ৩২ জয় ও ৪৯ হার। এ বছর সালমা খাতুনের ৬৫ ম্যাচের রেকর্ড ছাড়িয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি টি-টোয়েন্টিতে নেতৃত্বদানকারী হন তিনি। সবচেয়ে উজ্জ্বল স্মৃতি ২০২৪ বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। ওই আসরে চার ইনিংসে ১০৪ রান করেন জ্যোতি, উইকেটের পেছনে ডিসমিসাল ছিল সাতটি। চলতি বছর বিশ্বকাপ বাছাইয়ে নেপালে তার নেতৃত্বে দল অপরাজিত থাকে। তবে সামপ্রতিক সময়টা সুখকর ছিল না। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সিরিজ হার, স্কটল্যান্ড-নেদারল্যান্ডস ত্রিদেশীয় সিরিজে হতাশা এবং এশিয়া কাপে প্রত্যাশা পূরণ না হওয়ায় তার নেতৃত্ব নিয়ে সমালোচনা হয়। নাহিদার নেতৃত্বে প্রথম বড় মিশন উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি টি-টোয়েন্টি। ১০ থেকে ২৬ নভেম্বর হবে এই টুর্নামেন্ট, অংশ নেবে ১০ দল। ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ইউএই। ‘বি’ গ্রুপে: বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। আগে থাইল্যান্ডে আয়োজনের কথা থাকলেও দেশটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেন্যু বদলাচ্ছে আইসিসি। এ সপ্তাহেই নতুন ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা। এরপর ১০ই ডিসেম্বর নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।