নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি

নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ফন্ট সাইজ:

জয় দিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি মিশন শুরু করলো বাংলাদেশ। গতকাল পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে নেপালকে ৩৩-২০ গোলে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে ৭ গোল করে ম্যাচসেরা হন আল্পনা আক্তার। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে আনা আলোনসোর শিষ্যরা।
২০১৯ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশকে ২৬-২৪ গোলে হারিয়েছিল নেপাল। সাত বছর পর সেই হারের প্রতিশোধ নিলো বাংলাদেশ। ম্যাচের পর সেই স্মৃতি তুলে ধরেন আলপনা। তিনি বলেন, ‘আসলে আমার অনেক ভালো লাগছে। উনিশে আমরা একবার নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা আমার মনের মধ্যে ছিল। মনে মনে ভেবেছিলাম আজকে আমরা জিতবো, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে তা-ই হয়েছে, আমরা জিততে পেরেছি।’

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আলপনা বলেন, ‘কালকে (আজ) আমাদের ভারতের সঙ্গে খেলা, সেখানেও অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।’ ঘরের মাঠে শুরু থেকে নেপালকে চাপে রাখে বাংলাদেশ। ১৩-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক শিবির। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। একের পর এক গোল করে জয় নিশ্চিত করেন। ম্যাচসেরা আলপনা ছাড়াও আট প্লেয়ার স্কোরশিটে নাম লেখান। মিষ্টি খাতুন ও শ্যামলী মিং করেন ৬টি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশি ৫টি ও সায়মা জান্নাত সীমা করেন ৪ গোল। মাসুদা আক্তার ২ গোল ও একবার করে বল জালে পাঠান পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা। সিঙ্গেল রাউন্ড-রবিন লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল ও মালদ্বীপ প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৮ থেকে ২০শে অক্টোবর পর্যন্ত চলবে লীগ পর্বের ম্যাচ। ২১শে অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২শে অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে গতকাল সকালে আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী শুধু হ্যান্ডবল নয়, দেশের সব ক্রীড়া ফেডারেশনকে বছরব্যাপী অন্তত তিনটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে চারটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেয়ার সরকারের প্রাথমিক পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ’ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা সকল ফেডারেশনকে দিয়ে দেয়া হয়েছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এই টুর্নামেন্টটি উৎসর্গ করেছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। যিনি নারীর ক্ষমতায়ন, সমান অধিকার, মর্যাদা এবং সামগ্রিক সামাজিক অগ্রগতির প্রতি দৃঢ় বিশ্বাসী- যা আমাদের জন্য চিরন্তন প্রেরণা। আইএইচএফ নেশনস ট্রফি কেবল ট্রফি বা পদকের প্রতিযোগিতা নয়; এটি নারীর সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং সংগ্রাম ও নেতৃত্বের এক মহিমান্বিত উদযাপন। এই আয়োজন বাংলাদেশ এবং এশিয়া জোন-২ এ নারী হ্যান্ডবলের বিকাশে নতুন গতি ও নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।’